
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বুধবার অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়। সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৩শ সোলার প্যানেল প্রকল্পের অধিকাংশেই অনিয়মের প্রমাণ মেলে।
দুদক জানায়, প্রকল্পগুলোতে নিম্নমানের প্যানেল স্থাপন, সঠিক স্থাপনা না করা এবং বিত্তবানদের মাঝে প্যানেল বরাদ্দের মতো নানা অনিয়মে জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে। মাঠপর্যায়ের অধিকাংশ প্যানেল এখন অচল।
উল্লেখ্য, ২০১৮-২০২০ অর্থবছরে কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় মোট ২৯০টি প্রকল্পে প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকার লুটপাটের অভিযোগ উঠে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর দুদকের তদন্তে এসব অনিয়ম ধরা পড়ে।
অভিযানে আরও অংশ নেন উপসহকারী পরিচালক মো. রেজওয়ান আহমেদ ও ইব্রাহিম খলিল। অভিযুক্তদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক কর্মকর্তা।