
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। তবে এ কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ত্যাগী নেতারা।
সোমবার (১৬ জুন) বিকেলে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ সভায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, দীর্ঘদিন দলের জন্য যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে সুবিধাভোগীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে, যা মেনে নেওয়া যায় না।
বক্তারা জানান, উপজেলা আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার বিগত ১৭ বছর ধরে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন। তিনি মৌচাক ইউনিয়নের চেয়ারম্যান থাকলেও বিএনপির কোনো আন্দোলনে অংশ নেননি এবং তার নামে কোনো রাজনৈতিক মামলাও নেই। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে।
অপরদিকে, কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেনের বিরুদ্ধেও উচ্চারিত হয় ক্ষোভ। বক্তারা বলেন, তিনি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ব্যক্তিগত কর্মচারী ছিলেন এবং দীর্ঘদিন কালিয়াকৈর বিএনপির রাজনীতিতে অনুপস্থিত ছিলেন। তানভীর সিদ্দিকীর নাম ভাঙিয়ে বিএনপি সরকারের সময় ঝুট ব্যবসার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হন।
প্রতিবাদ সভায় বক্তারা আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের জোর দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ করিম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এস এম রিপন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি মোসলেম উদ্দিন, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক আইয়ুব আলী এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।