
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
ঢাকায় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা কোন ক্রমেই যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য সীমান্ত এলাকায় বিজিবি কঠোর নজরদারী, টহল তৎপরতা এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে।
বিজিবি জানায়, সীমান্তবর্তী জনসাধারণের মাঝে আসামীদের ছবিসহ বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বিতরণ করা হয়েছে- যাতে করে তারা কোন তথ্য পাওয়ার সাথে সাথে বিজিবিকে অবহিত করতে পারে। এরই প্রেক্ষিতে নিয়মিত টহলের অতিরিক্ত হিসেবে সম্ভাব্য ক্রসিং/রিক্রসিং পয়েন্টে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল মোতায়েন করা হয়েছে। এছাড়াও, গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীরা যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য সীমান্তে টহল বাড়ানো হয়েছে। ঘটনার পর থেকেই সিলেট ব্যাটালিয়নের অন্যান্য এলাকার মতো সুনামগঞ্জ সীমান্তেও কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সন্দেহভাজনদের তথ্য ও ছবি দেওয়া হয়েছে এবং কোনো সন্দেহজনক কিছু নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে বলা হয়েছে। কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে পাশাপাশি নিয়মিত টহলের আওতায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।