
মোজাম্মেল হক হিরন- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে “নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫”। নবীন শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং তাদের ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার (১৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ পৌর অডিটোরিয়ামে। সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হওয়া এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে আগত নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে বাংলা অনুবাদসহ পবিত্র কোরআনের একটি করে কপি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, এই উপহার শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ এবং আদর্শিক চিন্তাভাবনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শিহাবুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফাওজান আব্দুর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, আদর্শিক চেতনায় গড়ে তোলার প্রয়োজন রয়েছে। পবিত্র কোরআনের শিক্ষা একজন মানুষকে সফল ও পরিপূর্ণ জীবনের পথে নিয়ে যেতে পারে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম হামিম এবং জেলা সাহিত্য সম্পাদক আফজাল হোসেন।
আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শিহাব উদ্দিন ও অর্থ সম্পাদক আবুল খায়ের ত্বহা।##