
মোজাম্মেল হক হিরণ,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) উপজেলা এলডিপির উদ্যোগে এক আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এ উৎসবে। স্লোগান, ব্যানার-ফেস্টুন ও সংগীতের মূর্ছনায় উৎসবমুখর পরিবেশে হয়ে ওঠে গোটা ঈশ্বরগঞ্জ উপজেলা শহর।
র্যালির পূর্ব মুহূর্তে জনতার উপস্থিতিতে উল্লাস, স্লোগান ও দেশপ্রেমে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। বক্তারা বলেন, “এলডিপি মানে গণমানুষের আশা, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। আরও উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সভাপতি মঞ্জুরুল হক, সহ-সভাপতি এডভোকেট শেখ মোহাম্মদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম লিটন, গণতান্ত্রিক যুবদলের সভাপতি সোহাগ তালুকদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা এলডিপির প্রতিষ্ঠাতা নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নে এলডিপি শুরু থেকেই জনগণের পাশে থেকে কাজ করছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।##