
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
সারা দেশে ন্যায় মহেশখালী উপজেলায় বাজারে চলমান এলপি গ্যাস সংকট নিরসনে মহেশখালীতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় অনিয়মের দায়ে তিনজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।
১৬ জানুয়ারি (শুক্রবার) মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
অভিযানকালে বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ভোক্তাদের অধিকার সংরক্ষণে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ী সাব্যস্ত করা হয়। মোট ০৩(তিন) টি মামলায় অভিযুক্তদের কাছ থেকে মোট ৫,৪০০/-(পাচঁ হাজার চারশত টাকা) অর্থদণ্ড আদায় করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন এলপি গ্যাসের দোকান, খুচরা বাজার ও পণ্য বিক্রয়ের স্থানগুলো পরিদর্শন করা হয়। বাজার মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে এলপি গ্যাস বণ্টন ও মূল্য নিয়ে আলোচনা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে সৎভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।