
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর পৌর হাটে সম্প্রতি ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। অভিযোগ উঠেছে, রাতের আঁধারে হাটের শেডের মালামাল পৌরসভার ট্রাকে করে পৌরসভার লোকজনকে দিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের দাবি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এবং এতে জড়িত রয়েছে পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা।
প্রত্যক্ষদর্শীরা জানান,(১৭ জুন) মঙ্গলবার রাতের আঁধারে পৌরসভার ট্রাকযোগে শেডের লোহার অ্যাঙ্গেল ও টিন গোপননে স্থানীয় এক ভাংড়ির দোকানে বিক্রি করা হয়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—সরকারি বা পৌর সম্পদ কিভাবে গোপনে বিক্রি করা যায়?
স্থানীয় এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “এটি জনগণের সম্পদ। রাতের বেলায় যেভাবে চুরি করে বিক্রি করা হয়েছে, তা খুবই দুঃখজনক। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
এদিকে, বিরামপুরবাসী দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তীব্র আলোচনা ও সমালোচনা।
সরকারি বা পৌর সম্পদ জনসাধারণের। এ ধরনের গোপন বিক্রি শুধু আইনের লঙ্ঘন নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতার প্রতিও প্রশ্ন তোলে। সংশ্লিষ্ট প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে ঘটনার সত্য উদঘাটন ও দায়ীদের জবাবদিহির আওতায় আনা।
এবিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনীম আওন বলেন,বিক্রি কিছু মালামাল উদ্ধার করা হয়েছে এবং এর সাথে জড়িতদের ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষেকে জানানো হয়েছে।