
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারায় দিনব্যাপী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক, যুবদল নেতা ও আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন বিশ্বাস। বিনধারা ফুটবল একাডেমির উদ্যোগে এক দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে পাঁচবিবি, জয়পুরহাট, হাকিমপুরের হিলি ও গোবিন্দগঞ্জের কামদিয়া থেকে আসা মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। দিনব্যাপী খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ সময় বিনধারা ফুটবল একাডেমির সভাপতি আহাদ চৌধুরী কাঁকন বলেন, সন্ধ্যা হলেই এলাকার অনেক যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থী মাঠে খেলাধুলা না করে মোবাইল গেমসে ব্যস্ত হয়ে পড়ে। আবার কেউ কেউ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতেই আমাদের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিনধারা ফুটবল একাডেমির সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য রাজু আহমেদ, সজীব ইসলাম, মোস্তাকিম হোসেন, সাজুসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।