
শাহিন আলম টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর পরিচালিত বিশেষ অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি ২০২৬) ভোররাতে আশিকানিয়া নাফ নদীসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন সংবাদে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে সাবরাং এলাকার ডাকাতের গোদা পয়েন্টে অবস্থানকালে থার্মাল ক্যামেরায় চারজন ব্যক্তিকে নৌকাযোগে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখা যায়।
এসময় বিজিবির টহল দল নৌকা নিয়ে তাদের আটকাতে এগিয়ে গেলে, অভিযুক্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে ফিরে যায়। পরে নদী এলাকায় অভিযান চালিয়ে ভাসমান চারটি পলিব্যাগ থেকে বিশেষভাবে মোড়ানো মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত মাদককারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় বিজিবি।
উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
এ বিষয়ে ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ও মানবপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।