
টেকনাফ //
টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রতীরে অবস্থানরত নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সূত্রে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে একদল বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ২৮ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখায়। অল্প খরচে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে তারা বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সাগর পথে পাঠানোর পরিকল্পনা করেছিল।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তাদের গ্রেপ্তারের লক্ষ্যে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।