
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ শ্রীপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজ চত্বরে ২৯ ডিসেম্বর ১০.৪৫-১২.৫০ ঘটিকা পর্যন্ত সীমান্ত সংক্রান্ত অপরাধ ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা এবং সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন লেঃ কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি অধিনায়ক সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), জৈন্তাপুর, সার্কেল এএসপি, কানাইঘাট-জৈন্তাপুর, সহকারী পরিচালক সিলেট বিজিবি, অফিসার ইনচার্জ জৈন্তাপুর থানা, ডেপুটি কমান্ডার জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদ, বর্তমান ও সাবেক চেয়ারম্যান ০২ নং জৈন্তাপুর ইউনিয়ন ও ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের সভাপতি সহ জনপ্রতিনিধিগন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, চোরাচালান ও অবৈধ পারাপার বন্ধের বিষয়ে সকল বক্তাগণ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলে সহমত পোষন করেন। স্থানীয় জনসাধারণ পাথরকোয়ারী চালুকরণ ও কর্মসংস্থানের বিষয়ে পয়েন্ট উত্থাপন করলে অধিনায়ক ৪৮ বিজিবি বলেন এ বিষয়ে প্রশাসন, পরিবেশ, খনিজ সম্পদ ও অন্যান্য সংশ্লিষ্ট সকল সংস্থা কাজ করছেন। আশা করি দেশ ও জনগনের মঙ্গল হয় এমন একটি ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ।
এছাড়াও মেডিকেল ক্যাম্পেইনে ক্যাপ্টেন সোহানা আফরোজ ডিউ ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার, বিজিবি সিলেট এবং ডাঃ মোঃ সুজয় চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জৈন্তাপুরের মাধ্যমে সীমান্তবর্তী সহস্রাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অধিনায়ক, ৪৮ বিজিবি বলেন দেশের স্বার্থে বিজিবি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। গত ৫৪ বছরের ইতিহাসে জুলাই-ডিসেম্বর ২০২৪, এই ০৬ মাসে ৪৮ বিজিবি কর্তৃক রেকর্ড সংখ্যক ১১৫ কোটি টাকার চোরাচালান জব্দ করা হয়েছে। সকলকে আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান। সকলে একত্রে সৎভাবে কাজ করলে দেশের উন্নতি অবশ্যম্ভাবী বলে তিনি আশাব্যাক্ত করেন।