1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে যাত্রীকে মারধর করে ছিনতাই, আটক ১

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনের ছাদে এক যাত্রীকে মারধর করে টাকা, মুঠোফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তি পালিয়ে গেছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। যমুনা রেলসেতু পার হওয়ার সময় ওই যাত্রীর ওপর হামলা চালানো হয় বলে জানা গেছে।

আটক ব্যক্তির নাম সামছুল হক (২৩)। তিনি নারায়ণগঞ্জ জেলার বদল রেললাইন দক্ষিণ কলাপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী তানভীর আহমেদ (১৮) দিনাজপুরের বিরামপুর এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি চাকরির পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য ঢাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে ওঠেন তানভীর। পথে যমুনা রেলসেতুর আগে একটি স্টেশনে কিছু কেনার জন্য ট্রেন থেকে নামেন তিনি। পরে যাত্রীদের ভিড়ের কারণে ট্রেনের ভেতরে উঠতে না পেরে ছাদে ওঠেন।

ট্রেনটি যমুনা রেলসেতু পার হওয়ার সময় দুই ব্যক্তি তাঁকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এরপর তাঁর কাছে থাকা ২ হাজার ৯০০ টাকা, একটি স্মার্টফোন ও একটি ঘড়ি ছিনিয়ে নেন তাঁরা।

ভুক্তভোগী তানভীর আহমেদ বলেন, ‘আমি তাঁদের অনুরোধ করে বলি, আমার মুঠোফোন ও ১০০ টাকা দেন। মুঠোফোনে চাকরির অনেক কাগজপত্র আছে। বাকি সব নিয়ে যান। পরে তাঁরা আমাকে ১০০ টাকা দিয়ে মুঠোফোনসহ অন্য জিনিস নিয়ে নেন।’

তিনি আরও বলেন, জামতৈল রেলওয়ে স্টেশনে ট্রেন থামলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ট্রেনের যাত্রী ও স্টেশনে থাকা লোকজন এগিয়ে এসে একজনকে আটক করেন। তবে অপর ব্যক্তি পালিয়ে যান।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের অভিযোগে আটক ব্যক্তিকে প্রথমে তাঁদের হেফাজতে নেওয়া হয়। পরে তাঁকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে তিনি কামারখন্দ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে তাদের হেফাজত থেকে অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়া হয়। ভুক্তভোগীর মুঠোফোনটি পাওয়া গেছে। তবে অপর ব্যক্তি পালিয়ে গেছেন, তাঁর কাছে ২ হাজার ৭০০ টাকা রয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর দিবাগত রাতে জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে নিয়মিত রেলওয়ে পুলিশ ও পর্যাপ্তসংখ্যক আনসার সদস্য মোতায়েনের দাবি জানান স্থানীয়রা।

এদিকে, ছিনতাই প্রতিরোধে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু দুই রাতে মহড়া দিয়েছেন। পাশাপাশি রেলওয়ে পুলিশ ও কামারখন্দ থানা-পুলিশ ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে কাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park