
আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্তির মাধ্যমে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরবর্তীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় শ্রেষ্ঠ দুইজন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। আলোচনায় বক্তারা টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক উন্মুক্ত জলাশয়ে মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ রিং জাল, চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, কৃষিবিদ হৈমন্তী রানীসহ উপজেলার মৎস্য চাষীরা।