
যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।
একুশের প্রথম প্রহরে নগরীর সোনাদিঘির পাড়ে এক একর জমির ওপর নির্মিত নতুন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সেখানে ফুল দিয়ে শহীদ মিনারের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়।
বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘একুশ: জাতীয় জাগরণের প্রেরণা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজনের কথা রয়েছে। বাদ যোহর ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো বাংলা বর্ণমালা-সংবলিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়।