
বেলকুচি উপজেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬ খ্রি.) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেলকুচি’র আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসফিয়া সাবেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী পর্ব শেষে টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বয়সী সকল শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
সফল বাস্তবায়নের মাধ্যমে এলাকায় হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।