
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় সিরাপ ইয়াবা ও ভাঙা অ্যাম্পলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন পশ্চিম কড়িয়া গ্রামের মোতাহার মণ্ডল (৫৫) শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমা (৫০)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন ২০ বিজিবি অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক করা হয়।
অভিযানে ১০ বোতল ভারতীয় ফেয়ারড্রিল দুই বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ ২৫৬ পিস ইয়াবা ও ২৬০ পিস ভাঙা অ্যাম্পল জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে ফেয়ারড্রিলের মূল্য ৩০ হাজার, উইনসেরেক্স সিরাপের মূল্য ৬ হাজার, ইয়াবার মূল্য ১ লাখ ২ হাজার ৪০০ এবং ভাঙা অ্যাম্পলের মূল্য ৩৯ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা সামগ্রীসহ তাঁদের পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।