
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। তিনি এক শিশুকে নিজ হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম, ডা. মিজানুর রহমান, পাঁচবিবি থানার এএসআই মো. শরিফুল ইসলাম, স্বাস্থ্য সহকারী মো. নজরুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল জানান, উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ৩৬ হাজার শিশুকে নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকাল পর্যন্ত দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।