
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দেন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তাটি সংস্কার করে দেবেন। কথা দিয়ে ভোট আদায় করে নিলেও কেউ কথা রাখেননি। প্রতিটি সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মূল প্রতিশ্রুতি ছিল রাস্তাটির। কিন্তু প্রতিশ্রুতি থেকে গেছে প্রতিশ্রুতির জায়গায়, সেটার বাস্তব প্রতিফলন রাজশাহীর মোহনপুর উপজেলার ৫নং বাকশিমইল ইউঃপির সিন্দুরী গ্রামের শাহ্ পাড়ার কয়েক শত মানুষ।
জনপ্রতিনিধিদের কাছ থেকে দফায় দফায় পাওয়া প্রতিশ্রুতিতে আশার স্বপ্ন বুনেছে এ পাড়ার কৃষক, শ্রমিক ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। কিন্তু রাতের স্বপ্ন যেমন ভোর হলেই মিথ্যা হয়। এ রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থী, জনসাধারণ। এ রাস্তা দিয়ে রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এছাড়াও অন্তঃসত্ত্বা নারী, রোগী হাসপাতালে নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের পোহাতে হয় দুর্ভোগ।
স্থানীয়দের দাবি, নির্বাচন আসলে জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান। নির্বাচন শেষ হলে তাদের আর দেখা পাওয়া যায় না। তবে বর্তমান মেম্বার ও স্থানীয় লোকজন কিছু মাটি দিয়ে সংস্কার করলেও পর্যাপ্ত মাটি না দেওয়ায় রাস্তাটি নিচু থাকায় সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি পানিতে ডুবে যায়। তাই সরকারের কাছে জরুরি ভিত্তিতে কাদা রাস্তার পরিবর্তে মাটি দিয়ে রাস্তা উঁচু করে পাকা করনসহ নির্মাণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।