
টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তঘেঁষা শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নেমে মোহাম্মদ নিশান (১৩) ও মোহাম্মদ আরজিন (১৪) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা পর কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের তল্লাশিতে তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
নিহত নিশান শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে এবং মো. আরজিন একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব নাথ।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে কয়েকজন শিশু জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নিশান ও আরজিন স্রোতের টানে নদীর গভীর পানিতে চলে যায়। পরে তাদের আর দেখা যায়নি। খবর পেয়ে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নদীতে তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টা পর নদী থেকে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় জেটিঘাটে বড়শি দিয়ে মাছ শিকার করা আবদুল মজু বলেন, দুই কিশোর দীর্ঘ সময় পানিতে তলিয়ে ছিল। দ্রুত উদ্ধার করা গেলে হয়তো তাদের বাঁচানো সম্ভব হতো।
শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালাম বলেন, ‘দুই কিশোরকে উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। ভবিষ্যতে শিশুরা যাতে ঝুঁকিপূর্ণভাবে নাফ নদীতে গোসল করতে না নামে, সে বিষয়ে অভিভাবকসহ স্থানীয়দের সচেতন হতে হবে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সনজীব নাথ বলেন, স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে দুই কিশোরকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নাফ নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুশরাত জাহান জানান, দুপুরে দুই কিশোরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।