
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিককে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর জেলা শাখার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিরামপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিফাত ও সদস্য মোঃ সাগর রহমানকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আল রেহমান অরণ্য, মোঃ সানি ও মোঃ আরিফুল ইসলাম আরিফকেও সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের সাথে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দিনাজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতু এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এসব সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেন।