
শাহিন টেকনাফ,প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফ থানাধীন কোনাপাড়া লবণের মাঠসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র ও ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
জব্দকৃত আলামত আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলেও প্রেস রিলিজে জানানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।