
টেকনাফ কক্সবাজার //
কক্সবাজারের টেকনাফে একই দিনে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় চোলাই মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত অভিযানে মাদকসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন জিন্নাখালে সকালে পরিচালিত অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন পাচারকারীকে আটক করে সাবরাং বিওপি সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেখা যায়—মায়ানমারের মংডু এলাকা থেকে মাছ ধরার ছদ্মবেশে একটি নৌকা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। বিজিবির কৌশলগত অবস্থান ও দ্রুত অভিযানে পাচারকারীদের পালানোর সব পথ বন্ধ করা হয়। এ সময় কালো ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে মোঃ গফুর আলম (২৪) কে ধাওয়া করে আটক করা হয়। ব্যাগে থাকা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তবে পাচারকারী চক্রের আরও দুই সদস্য নৌকায় করে মায়ানমারে পালিয়ে যায়।
একই দিনে দমদমিয়া চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় কে-৯ টিমের প্রশিক্ষিত ডগ ‘মেঘলা’-র সহায়তায় পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস থেকে ২০ লিটার দেশী চোলাই মদ উদ্ধার করা হয়। মুরগির বিষ্ঠা ভর্তি বস্তার ভেতরে বিশেষ কৌশলে লুকানো মদ শনাক্ত করে ‘মেঘলা’। এ ঘটনায় মোঃ হেলাল উদ্দিন (৫০) নামে এক যাত্রীকে আটক করা হয়।
উল্লেখ্য, গত ১৬৮ ঘন্টায় টেকনাফ ব্যাটালিয়ন মোট ৮টি বিশেষ অভিযান চালিয়ে ৪,৯১,৯২০ পিস ইয়াবা, ২০ লিটার চোলাই মদ এবং ১২ জন আসামীকে আটক করেছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন—
“সীমান্ত রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। মানব ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”