
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফের উত্তেজনা
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় আবারো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফসলী জমি ও আম গাছ কর্তনের অভিযোগে বাংলাদেশীরা সীমান্তে জড়ো হয়। অন্যদিকে ভারতীয় অংশে ফসল কেটে নেওয়ার অভিযোগ করে ভারতীয়রা সীমান্তে জড়ো হয়।
সীমান্তে উত্তেজনায় তিন-চার জন বাংলাদেশী আহত হয়েছেন। এছাড়াও ভারতীয় অংশ থেকে টিয়ার সেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, সীমান্তে বাংলাদেশী দুই যুবক ঘাস কাটতে গেলে, ভারতীয় অংশের ফসলী জমি বিনষ্ট করার অভিযোগ
তুলে তাদের মারধর ভারতীয়রা, এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ভারতীয়রা সীমান্তের বাংলাদেশী অংশে আম ও ফসলী জমি বিনষ্ট করে এতে ক্ষিপ্ত হয়ে সীমান্ত এলাকার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে।
বর্তমানে বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছে। ঘটনাস্থলেই চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কের্ণেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
হোয়াসঅ্যাপ বার্তায় বিজিবির অধিনায়ক লে. কের্ণেল গোলাম কিবরিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিজিবি সদস্যরা, ঘটনার বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানানো হবে।