
মোজাম্মেল হক হিরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গাঁজা সেবন করে চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন অন্তর (২৪) নামের এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা গেছে, সোমবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার একটি বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইকের ব্যাটারি চুরি করতে যান অন্তর। চুরির সময় শব্দ পেয়ে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্তরকে হেফাজতে নেয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত অন্তরের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামে।
স্থানীয় যুবক নাঈম বলেন, “অন্তর অনেক দিন ধরেই এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত। মাদক সেবন করে প্রায়ই লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করত। চুরি, ভয়ভীতি ও ঝামেলার কারণে এলাকাবাসী তার আচরণে অতিষ্ঠ ছিল। এবার সে হাতেনাতে ধরা পড়েছে। প্রশাসনের দ্রুত ও যথাযথ পদক্ষেপে আমরা সন্তুষ্ট।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও শাস্তির জন্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।##