
আব্দুল হাকিম সবুজ
কুড়িগ্রাম প্রতিনিধি :
উলিপুর উপজেলার জনদরদী ব্যক্তিত্ব, দৈনিক বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক ও সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহানকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গত ১লা সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে কাজী মাহাদী হাসান ফারুকী, সাংগঠনিক সম্পাদক, রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, উত্তাল বাংলা অনলাইন নিউজ পোর্টালে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষা ব্যবহার করে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালান।
এক প্রতিবাদলিপিতে আব্দুস সোবহান বলেন,
“আমি ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করি এবং পাঁচ বছর চাকরির পর ব্যবসায় যুক্ত হই। দীর্ঘ পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছি। উলিপুরের মানুষের কল্যাণে কাজ করার অভিপ্রায়েই রাজনীতিতে যুক্ত হয়েছি এবং গত ৩০ আগস্ট জাতীয় পার্টির উলিপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছি।”
তিনি আরও বলেন,
“২০১৮ সালের এপ্রিলে আমাকে গুম করে দীর্ঘ ১৭ মাস তৎকালীন আওয়ামী লীগ সরকারের আয়না ঘরে বন্দী রাখা হয়েছিল। আমি একজন নির্যাতিত মাজলুম ব্যক্তি। অথচ আজ আমাকে নিয়ে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এ সময় তিনি স্পষ্ট করে জানান— তার নামে একাধিক সমর্থক ফেসবুক আইডি খোলে প্রচারণা চালালেও তার নিজস্ব একমাত্র আইডি Abdus Sobhan নামে রয়েছে।এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া।
পরিশেষে আব্দুস সোবহান অভিযোগ করেন— তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
“আমি এই অপরাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমার বিরুদ্ধে পুনরায় অপপ্রচার চালানো হলে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো।”