
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেনকে (২৪) গ্রেফতার করেছে গোয়েন্তা পুলিশের (ডিবি) সদস্যরা।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুমন শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের পুত্র।
জেলা ডিবি পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে পুলিশ সুমনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি অনলাইনে জুয়া খেলার মোবাইলফোন উদ্ধার করা হয়। সুমন অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট। সে অ্যাপসের মাধ্যমে ক্যাসিনো জুয়া খেলায় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকাও অবৈধভাবে হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) ধারা মামলা রুজু করা হয়েছে বলে জানান ডিবির ওসি নিজাম উদ্দীন।