
মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে মলদ্বারে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্টসহ জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জহির শাহ ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে। তার পাসপোর্ট নম্বর— Z6487458।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করা হবে— এমন গোপন সংবাদ পায় বিজিবির গোয়েন্দা শাখা। এর ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ভোমরা আইসিপির একটি বিশেষ আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে ভারতীয় নাগরিক জহির শাহকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের কথা অস্বীকার করেন। পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্সরে ও চিকিৎসকদের সহায়তায় তার শরীরের অভ্যন্তরে (মলদ্বারে) বিশেষভাবে লুকানো দুটি প্যাকেট শনাক্ত করা হয়। পরবর্তীতে প্যাকেটগুলো থেকে মোট ৮১৩.৫০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।