
চাঁদাবাজি, হুমকি ও জমি-সংক্রান্ত বিরোধের অভিযোগ; রয়েছে একাধিক মামলা
মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম রতন উল্লাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রতনের বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি সাইফুল ইসলাম রতনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি-সংক্রান্ত বিরোধ, হুমকি, ভাঙচুর এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এক ভুক্তভোগীর অভিযোগ, জমি কেনাকে কেন্দ্র করে সাইফুল ইসলাম রতনের সঙ্গে তার বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় এবং পরে একটি মামলায় হয়রানি করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্য এক ভুক্তভোগীর অভিযোগ, দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া এক ব্যবসায়ী অভিযোগ করেন, দোকানের সামনে কেনা ভূষি নামানোর জন্য তার কাছে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরে তার বিরুদ্ধে ডাকাতির মামলা করা হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
স্থানীয়দের একাংশের দাবি, সাইফুল ইসলাম রতনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
উল্লাপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপকর বলেন, “সাইফুল ইসলাম রতনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।