
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার,পাবনা:
পাবনায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডোবার পানিতে একটি বস্তা ভাসতে দেখে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দাসহ আশপাশের এলাকার মানুষ। এতে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত কলি ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। পরিবার জানায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যাওয়ার পর বাড়িতে ফিরে পাশেই খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার ব্যবহৃত স্যান্ডেল উদ্ধার হয়। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে খোঁজ চালানো হয়। এ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর পাবনা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।
পরিবারের অভিযোগ, নিখোঁজের পর পুলিশকে কিছু তথ্য ও সম্ভাব্য সূত্র দেওয়া হলেও সেগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি। তাদের দাবি, এ হত্যাকাণ্ডের সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে।
নিহতের বাবা কামাল প্রামাণিক বলেন, “সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে আমার মেয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজ করেছি। কারা আমার মেয়েকে হত্যা করল—এর বিচার চাই।”
এ বিষয়ে পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।