
টেকনাফ প্রতিনিধি //
কক্সবাজারের টেকনাফে র্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন মাদক কারবারি চারটি পোটলা ফেলে পালিয়ে যায়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা ফিরোজ সাহেবের লবণের মাঠের পাশের ওয়াব পিডিয়া ইটের সলিং রাস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, অভিযানে থাকা একটি দল টেকনাফের শাপলা চত্বর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাবরাং বাজার পাড়া এলাকায় মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে মজুদ করেছে।
এর ভিত্তিতে র্যাবের দলটি সাবরাং ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা মাদক কারবারি পুরোনো লুঙ্গিতে মোড়ানো চারটি পোটলা ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে পোটলাগুলো তল্লাশি করে মোট ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।