
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির যৌথ অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সীমান্তের মাদক সম্রাট সাদ্দাম হোসেনকে (৩২) আটক করেছে। তার নিকট টাকা না পেলেও পাসপোর্ট জব্দ করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৩টায় অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম সীমান্ত এলাকা হওয়ায় অভিযানে বিজিবির সহযোগিতা নেয়।
সাদ্দাম উচনা গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার শয়ন ঘরের বিছানার তোষকের ভিতর পলিথিন ব্যাগে রাখা মাদকসহ সাদ্দামকে আটক করে যৌথ বাহিনী। এসময় অ্যান্ড্রয়েড ফোন ও বাংলাদেশী পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। আটক সাদ্দাম দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় স্পাই হিসেবেও কাজ করার কথা স্বীকার করেছে।
পাঁচবিবি থানার ওসি মোঃ তামবিরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক মামলায় সাদ্দাম হোসেন নামের আসামিকে জমা দিয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।