
মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
দূর থেকে দেখলে মনে হবে আর্জেন্টিনার কোনো এক শহরের রাস্তা। কিন্তু ভুল ভাঙবে কাছে গেলে। এটি কোনো বিদেশের মাটি নয়, বরং রাজশাহীর বাগমারা উপজেলার ৬নং শ্রীপুর ইউনিয়নের এক অপরূপ দৃশ্য। উপজেলার শ্রীপুর জামতলা মোড় থেকে মোহনগঞ্জ অভিমুখী রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে টাঙানো হয়েছে আর্জেন্টিনার আকাশী-সাদা পতাকা। প্রিয় দলের প্রতি ফুটবল ভক্তদের এমন ব্যতিক্রমী ভালোবাসা এখন পুরো এলাকায় রীতিমতো সাড়া জাগিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল বিশ্বকাপ বা যেকোনো বড় টুর্নামেন্ট এলেই বাগমারায় ক্রীড়াপ্রেমীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে এবার শ্রীপুর ইউনিয়নের এই তরুণরা প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। জামতলা থেকে মোহনগঞ্জ যাওয়ার পিচঢালা রাস্তার দুই ধারের গাছের ডালে ও বাঁশের খুঁটিতে একের পর এক আর্জেন্টিনার পতাকা বেঁধে পুরো এলাকাকে আকাশী-সাদা রঙে রাঙিয়ে তুলেছেন তারা।
এই দৃষ্টিনন্দন উদ্যোগের পেছনে রয়েছেন এলাকার একঝাঁক আর্জেন্টিনা ভক্ত তরুণরা। রাস্তার পাশে টাঙানো পতাকাগুলোতে সগৌরবে শোভা পাচ্ছে এই আয়োজকদের নাম। দলটির মূল নেতৃত্বে রয়েছেন নাহিদ, সাব্বির, রাকিবুল, আল-আমিন, সুজন ও পলাশসহ আরও বেশ কয়েকজন নিবেদিতপ্রাণ আর্জেন্টাইন সমর্থক।
উদ্যোক্তারা জানান, প্রিয় দল এবং প্রিয় খেলোয়াড়দের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতেই তারা পকেটের টাকা খরচ করে এই বিশাল আয়োজন করেছেন। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াতকারী শত শত পথচারী ও এলাকাবাসী দাঁড়িয়ে উপভোগ করছেন এই সুন্দর দৃশ্য। অনেকে মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, তরুণদের এই ফুটবল উন্মাদনা গ্রামীণ জনপদে এক অন্যরকম আনন্দের খোরাক জুগিয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, কেবল খেলার প্রতি ভালোবাসা থেকে তৈরি হওয়া এই দৃষ্টিনন্দন দৃশ্য সত্যিই প্রশংসার দাবিদার।