
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজের গণসংযোগ অব্যাহত রেখেছেন।
শামীম হোসেন মন্ডল বলেন, “জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি পাঁচবিবি পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। সুযোগ পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পাঁচবিবি পৌরসভার রাজনৈতিক অঙ্গনেও নির্বাচনী আমেজ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।
তবে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পরই প্রার্থিতা ও নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।