
নিজস্ব প্রতিবেদক, বাগমারা (রাজশাহী):
রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের এক ভাবগাম্ভীর্যপূর্ণ বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, শিক্ষা কেবল পরীক্ষার পাসের জন্য নয়, বরং আদর্শ মানুষ হওয়ার হাতিয়ার। দেশ ও জাতির কল্যাণে তোমাদের মেধা ও শ্রম বিলিয়ে দিতে হবে। একই সাথে তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিল্লুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও বিদায়ী গুণীজনদের সম্মান জানিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ জনাব মোঃ আব্দুস সোবহান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ।
জনাব ড. মোঃ সিরাজুল করিম প্রামানিক, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), তাহেরপুর ডিগ্রী কলেজ।
জনাব মোঃ আঃ রাজ্জাক প্রাং, সাবেক মেয়র, ভবানীগঞ্জ পৌরসভা।জনাব মোঃ মনসুর রহমান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।
জনাব এ.এইচ.এম. আব্দুর রাজ্জাক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ আব্দুস সামাদ প্রাং, সাবেক দাতা সদস্য, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ বেলাল হোসেন। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বিদায়ী পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং কলেজ গঠনে অবসরপ্রাপ্তদের অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কলেজের শিক্ষার্থীরাসহ শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ জালাল উদ্দিন । অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।