
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা
প্রতিনিধিঃ
“পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, “পাট বাংলার সোনালী আঁশ। আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নতমানের পাটবীজ উৎপাদন, পাটের পরিচর্যা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।”
প্রশিক্ষণে জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল আলম, জেলা বিএডিসির কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক ও রায়হান ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রশিক্ষণ প্রদান করেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উন্নত জাতের পাটবীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমন এবং অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের প্রশিক্ষণ তাদের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।