1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসী, স্বজনদের বুকফাটা আর্তনাদ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসী, স্বজনদের বুকফাটা আর্তনাদ।

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

সংসারের সচ্ছলতা ফেরাতে বুকভরা স্বপ্ন নিয়ে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তারা। কিন্তু একটি ড্রোন হামলায় নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল সব স্বপ্ন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়িতে এখন শুধুই লাশের অপেক্ষা আর স্বজনদের গগনবিদারী আর্তনাদ। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন শোকার্ত পরিবার ও এলাকাবাসী।

স্থানীয় সময় সোমবার (১১ মে, ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। ওই সময় নিজেদের আবাসস্থলে অবস্থান করছিলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম (২০)। হামলায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস নিহতের পরিচয় নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। শফিকুল ইসলামের বাড়িতে ভিড় করেছেন শত শত প্রতিবেশী ও আত্মীয়-স্বজন। দিনমজুর বাবার অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে চড়া সুদে ঋণ করে লেবানন গিয়েছিলেন শফিকুল।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী রুমা খাতুন বিলাপ করতে করতে বলেন, “মেয়েদের পড়াশোনা আর ভবিষ্যতের কথা ভেবে উনি বিদেশে গিয়েছিলেন। ঋণের বোঝা মাথায় নিয়ে চলে গেলেন, সেই সুখ আর সইল না। আমার স্বামীর স্বপ্ন ছিল মেয়েদের ধুমধাম করে বিয়ে দেবেন, সব স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল।”

অন্যদিকে, আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে ২০ বছর বয়সী তরুণ নাহিদুল ইসলামের মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ। জীবনের শুরুতেই এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। নাহিদুলের পরিবারও একইভাবে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

মঙ্গলবার দুপুরে নিহত শফিকুল ইসলামের বাড়ি পরিদর্শন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। তিনি শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনি ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে।এ সময় স্থানীয় ৮ নম্বর ধুলিহার ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park