
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় গৃহনির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব, অনিয়ম ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে পৌরসভার নক্সাকার এস এম রবিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় পৌর প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগে মোছাঃ লাবণী খাতুন দাবি করেন, গৃহনির্মাণ ঋণের দ্বিতীয় কিস্তি উত্তোলনের জন্য প্রয়োজনীয় নকশা অনুমোদনের আবেদন করার পরও দীর্ঘ সময় ধরে কোনো অগ্রগতি হয়নি। সরকারি ফি পরিশোধের পরও “মিটিং বাবদ” অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও দাবি করেন, নকশা অনুমোদনের জন্য একাধিক স্বাক্ষরের কথা বলে প্রতি স্বাক্ষরে ১০ হাজার টাকা করে দাবি করা হয়। একই সময়ে আবেদন করা অন্য একজনের নকশা অনুমোদন হলেও তার আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগে বলা হয়েছে। এতে গৃহনির্মাণ কাজ ও ব্যাংক ঋণ প্রক্রিয়া জটিলতার মুখে পড়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে বিরামপুর পৌরসভার নক্সাকার এস এম রবিউল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এসব বলা হচ্ছে।”
স্থানীয়দের মতে, নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাত হিসেবে পৌরসভার নকশা অনুমোদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে বিরামপুর পৌরসভার প্রশাসক তানজিনা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।