
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের সমুদ্র বেষ্টিত পাহাড় দ্বীপ মহেশখালীতে খেলাধুলা, সামাজিক উদ্যোগ ও মানবিকতায় ভরপুর পরিবেশে অনুষ্ঠিত হলো “ফয়সাল আমিন আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ।
০১ নভেম্বর (শনিবার) দুপুরের পর থেকে মহেশখালী পৌসভাস্থ গোরকঘাটা চরপাড়া ফুটবল স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। দুপুরর পরপরই গায়ক আলভী’র গানে প্রাণবন্ত ছিলো পুরো স্টেডিয়াম। দর্শকরা ছিলো টইটম্বুর।
ফয়সাল ডাইন ও এম.কে রোপিং (অস্ট্রেলিয়া) আয়োজনে চরপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত এই আসরের প্রধান অতিথি হিসেবে ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, মহেশখালী পৌর বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইয়ামিন, সাবেক কাউন্সিলর খায়ের হোসেন, অধ্যাপক সানা উল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন— “খেলাধুলা শুধু বিনোদনের জন্য নয়, এটি সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। যুব সমাজকে মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ রাখতে মাঠমুখী করা জরুরি, আর এমন টুর্নামেন্ট সেই পথকে সহজ করে দেয়।”
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বৃহত্তর বড় মহেশখালী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বৃহত্তর কুতুবজোম ইউনিয়ন ক্রীড়া পরিষদ।
খেলা শুরু হওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় কুতুবজোম দল প্রথম গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটি গোল করে ব্যবধান বাড়ায় কুতুবজোম ইউনিয়ন দল। দ্বিতীয়ার্ধে বড় মহেশখালী একাদশ এক গোল শোধ করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২–১ গোলে জয়ী হয় কুতুবজোম ইউনিয়ন ক্রীড়া পরিষদ।
খেলার বিরতির সময় মাঠেই খেলোয়াড় ও দর্শকদের একত্রে নামাজ আদায়ের অনন্য দৃশ্য সকলের মন ছুঁয়ে যায়। মাঠজুড়ে সৃষ্টি হয় এক প্রশান্তিময় ও অনুপ্রেরণাদায়ক পরিবেশ, যা খেলাধুলার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধেরও দৃষ্টান্ত স্থাপন করে।
এই আসরের বিশেষ আকর্ষণ ছিল “ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প” — যেখানে শতাধিক তরুণ-তরুণী বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। মানবিক এ উদ্যোগে অংশ নিয়ে যুব সমাজে সাড়া পড়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো টুর্নামেন্টে কোনো এন্ট্রি ফি রাখা হয়নি। আয়োজকরা জানিয়েছেন, খেলাধুলায় অংশগ্রহণকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ইউনিয়নের তরুণরা বাধাহীনভাবে অংশ নিতে পারে।
আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক সানা উল্লাহ বলেন—“আমাদের টুর্নামেন্ট শুধু খেলার জন্য নয়, সামাজিক সচেতনতা গড়ারও একটি প্ল্যাটফর্ম। আমরা চাই তরুণরা মাঠে ফিরুক, খেলাধুলা করুক, সমাজের জন্য কিছু করুক। আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করা হবে ইনশাআল্লাহ।”
চরপাড়া স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত এই টুর্নামেন্টে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিদিনই মাঠে জমবে প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা, উচ্ছ্বাসে মুখর থাকবে দর্শকসমুদ্র—আর তাতে ফুটে উঠবে মহেশখালীর ক্রীড়াপ্রেমী জনতার একতা, ভালোবাসা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।