1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের হিসাব না দিয়ে পালিয়ে যাওয়া সাবেক পিডি বিরুদ্ধে দুদকের মামলা... - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের হিসাব না দিয়ে পালিয়ে যাওয়া সাবেক পিডি বিরুদ্ধে দুদকের মামলা…

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের কোনও হিসাব না দিয়েই সাবেক প্রকল্প পরিচালক (পিডি) দেশ ছেড়েছেন অল্প কিছু দিন আগেই। এরমধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ২৯ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়বহির্ভূত ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগদখলে রাখেন। এ ছাড়া বিপুল অর্থ ভোগদখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে থাকা ৯৪টি ব্যাংক হিসাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন।

এর আগে ২০২৪ সালের জুলাইয়ে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও মাতারবাড়ী প্রকল্পের পিডি জাহাঙ্গীর আলমের ৭টি ব্যাংক হিসাবে থাকা ৩০ কোটি ৬৬ লাখ টাকা জব্দ করে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, গত ১২ বছরে অভিযুক্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের ৮২টি ব্যাংক হিসাবে লেনদেন ১৩৮ কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা।

বিএফআইইউয়ের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে প্রকল্প পরিচালক হওয়ার পর থেকে এ পর্যন্ত জাহাঙ্গীর আলমের নামে বেতন-ভাতা বাবদ জমা হয়েছে ৯৮ লাখ টাকা। অথচ তাঁর ৭৭টি এফডিআরসহ মোট ৮২ ব্যাংক হিসাবে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৩১ লাখ টাকা। ব্যাংক হিসাবে দেখা যায়, ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত হিসাবগুলোয় ৮৪ কোটি ৪৯ লাখ টাকা জমা এবং ৫৩ কোটি ৮২ লাখ টাকা তোলা হয়েছে। বিভিন্ন ব্যাংকের ৭ অ্যাকাউন্টে সর্বশেষ জমা আছে ৩০ কোটি ৬৬ লাখ টাকা। অথচ জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে গত অর্থবছরের নিট সম্পদ ৪ কোটি ১০ লাখ এবং আয় মাত্র ৩২ লাখ ১৭ হাজার ৭২৪ টাকা দেখানো হয়েছে।

৭ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হওয়া ৬ হাজার ৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক প্রকল্প পরিচালক ‘পালিয়ে গেছেন’।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park