
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ও ১ গ্রাম হেরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ।
৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এসব অভিযানে এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
প্রথম অভিযানে শাহজাদপুর থানার এসআই (নিঃ) কাান্তি কুমার মোদকের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার ডাকবাংলো মোড় এলাকার পলক ডিপার্টমেন্টাল সেন্টার দোকানের সামনের পাকা রাস্তা থেকে মোঃ ইউসুফ ব্যাপারী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে। আটক ইউসুফ শাহজাদপুরের কান্দাপাড়া গ্রামের মৃত সিদ্দিক ব্যাপারীর ছেলে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে তার পরনের শার্টের বাম পকেটে থাকা একটি রয়েলস সিগারেটের প্যাকেটের ভেতর থেকে ৮ পিস (০.৮ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই (নিঃ) মোঃ এরশাদুল হকের নেতৃত্বে সঙ্গীয় নারী ফোর্স নিয়ে পুলিশ বিসিক বাসস্ট্যান্ড ও দারিয়ারপুর গ্রামে এলএসডি খাদ্য গোডাউনের গেট এলাকা থেকে মোছাঃ নাসরিন খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করে। তিনি দারিয়াপুর (নতুনপাড়া) গ্রামের মোঃ মহিদুল ইসলামের স্ত্রী। নারী পুলিশের সহায়তায় বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে তার পরনের সালওয়ারের বাম টেমরে গোজা অবস্থা থেকে ১ গ্রাম হেরোইন (একটি পুটলা) উদ্ধার করা হয়।
আটককৃত উভয় আসামি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। উভয় ঘটনায় শাহজাদপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি এজাহার দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদক মুক্ত করতে পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে ও টহল ডিউটি নিয়মিত ভাবে অব্যাহত থাকবে। আটক কৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে।