
মাসুদ রানা, সাতক্ষীরা:
সাতক্ষীরায় শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘সাতক্ষীরার সকল সামাজিক সংগঠন’-এর ব্যানারে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু রামিসার ওপর যে ধরনের পাশবিক ও নির্মম নির্যাতন চালানো হয়েছে, তা পুরো মানব সমাজকে নাড়া দিয়েছে। সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তথা ফাঁসির দাবি জানান।
“বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। আজ আমাদের শিশুরা নিজ ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। প্রশাসন ও সমাজকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”
ইয়ুথ এডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি হোসেন আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেনরাহাতুল ইসলাম বাপ্পা, সহসভাপতি, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা,মিলন বিশ্বাস, সাবেক সহসভাপতি, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা,প্রিয়াংকা সেন মৌ, ইন্সেপিরেটর, একশনএইড বাংলাদেশ,মুশফিকুর রহমান, সভাপতি, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্স,উম্মে ফোয়ারা, প্রতিনিধি, ধর্ষণ প্রতিরোধ মঞ্চ,চন্দ্র শেখর হালদার, প্রোগ্রাম অফিসার, সিডো।এছাড়াও ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান এবং প্রান্তিক যুব সংঘের সম্রাট হোসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা কেবল রামিসা হত্যার বিচারই নয়, বরং দেশব্যাপী ক্রমবর্ধমান শিশু নির্যাতন ও নারী সহিংসতা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান।