1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর ওসিকে অশ্লীল ভাষায় হুমকি; অতঃপর বিএনপি নেতার পদ স্থগিত- বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

মহেশখালীর ওসিকে অশ্লীল ভাষায় হুমকি; অতঃপর বিএনপি নেতার পদ স্থগিত-

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: 

কক্সবাজার জেলার মহেশখালী থানার ওসিকে ‘উলঙ্গ’ করে উপজেলা থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপি’র আহবায়ক!

মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে থানার ওসিকে ঘিরে এমন ক্ষোভ উগরে দেন মহেশখালী পৌর বিএনপি’র আহ্বায়ক আকতার হোসেন। বক্তব্যে তিনি ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা প্রকাশ অযোগ্য।

তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাত আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন।

বুধবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় মহেশখালী পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত স্মরণসভায় আকতার হোসেন ওসিকে উদ্দেশ করে একের পর এক অভিযোগ তোলেন।

বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেওয়া হবে। ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি।”

বিএনপি’র নেতা আখতার হোসেন দাবি করেন, থানার ওসির চেম্বার এখন এক ধরনের ‘দোকানে’ পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেয়া হয়।

তিনি বলেন, “যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেবো।”

বিএনপির এই নেতার অভিযোগ, মহেশখালী থানার ওসি স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, “মহেশখালী থেকে বের করবো। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সাথে মিলে ষড়যন্ত্র করছেন- সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে চলা যাবে না। “আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করবো।”

তিনি আরো বলেন, “আশেক উল্লাহর (সাবেক এমপি) আত্মীয় স্বজন, শশুর শাশুড়ীর মানুষ আপনি। মনে করেছেন দুবাইয়ের ভিসা পাবেন। ”

সভায় উপস্থিত বিএনপির অন্যান্য নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি মনজুরুল হক জানান, তিনি ভিডিওটি দেখেছেন এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন।

আখতার হোসেনের বক্তব্যের প্রেক্ষিতে জানতে চাওয়া হয় মামলা বাণিজ্য ও আওয়ামীলীগের সাথে সম্পর্কের বিষয়ে- ওসি বলেন, “এসব সত্য নয়। তারপরও তারা কি কারনে বলছেন তারা ভালো বলতে পারবেন।”

‘অকথ্য ভাষায়’ বক্তব্যের প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবেন কি-না জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, “দেখি, এখনো চিন্তা করিনি।”

ওসি মনজুরুল হক চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগদান করেন।

এদিকে মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠন বিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park