
ময়মনসিংহে মামলা
প্রত্যাহারে রাজি না হওয়ায় ইয়াসিন আলী স্বপন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৯ মে) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মারা যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিন আলী স্বপন একই এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দমোহন কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত থাকার পাশাপাশি ওই এলাকায় একটি মুদি দোকানও চালাতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২০২২ সালে নিহত ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে হত্যা করে দিলীপ ও তার সহযোগীরা। এ ঘটনায় দায়ের করা মামলায় দিলীপ কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে ছাড়া পান দিলীপ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের চাচাতো ভাই আমির হোসেনকে মামলা তুলে নিতে চাপ দেয়। এতে তিনি রাজি না হলে দিলীপ ও তার লোকজন আমির হোসেন ও স্বপনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে স্বপন মারা যায়।
নিহত স্বপনের চাচাতো ভাই আরাফাত বলেন, মামলা তুলে নিতে দিলীপ ও তার লোকজন দীর্ঘদিন ধরে নানাভাবে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা করে দিলীপ।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে