
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে মানব কঙ্কালসহ মো. মাসুদ রানা (২২) নামে একব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় তিনজন মানুষের কঙ্কাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) ভোর সকাল ছয়টার দিকে উপজেলার সিডস্টোর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে মো. মাসুদ রানা (২২)।
সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ছয়টায় তিনটি স্কুলব্যাগ ভর্তি মানব কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে মাসুদসহ আরও দুইজন ঢাকা যাচ্ছিলেন। উপজেলার মেহরাবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসে উঠার সময় যৌথবাহিনীর চেকপোস্টের তল্লাশি টিমের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ এবং ব্যাগ তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয়, আর অন্যজন পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তিনজন মানুষের মাথার খুলি সহ কঙ্কাল জব্দ করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার জানান, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী (ভালুকা ক্যাম্প) মেহরাবাড়ী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মানব কঙ্কালসহ মাসুদকে আটক করে ভালুকা মডেল থানায় হস্তান্তর করেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, মাসুদ কঙ্কাল বিক্রির জন্য ঢাকা যাচ্ছিলেন। যৌথবাহিনীর চেকপোস্টে সন্দেহজনক আচরণ দেখে তাদের তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার থেকে তাকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।