
মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারায় ভ্যান ও ব্যাটারিচালিত অটো রিকশার ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা করেছেন স্থানীয় চালকরা। আজ বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার গনিপুর ইউনিয়নের একডালা আমতলী মোড়ে ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে চালকরা অভিযোগ করেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বাড়লেও তাদের গাড়ির ভাড়া দীর্ঘদিন ধরে অপরিবর্তিত রয়েছে। এর ওপর চার্জিং খরচ এবং যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে অবিলম্বে সব রুটে ভ্যান ও অটো রিকশার ভাড়া পুনর্নির্ধারণের জন্য তারা জোর দাবি জানান।
চালকদের বক্তব্য,সবকিছুর দাম বাড়লেও আমাদের আয়ের পথ থমকে আছে। সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি চালিয়ে যা আয় হয়, তা দিয়ে সংসার চালানো দায়। আমরা প্রশাসনের কাছে মানবিক বিবেচনায় ভাড়া বৃদ্ধির দাবি জানাচ্ছি।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতৃবৃন্দ চালকদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, চালকরা সমাজের একটি অত্যন্ত পরিশ্রমী অংশ। তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত একটি যৌক্তিক ভাড়া নির্ধারণ করা উচিত, যাতে সাধারণ যাত্রী ও চালক—উভয়ের স্বার্থই বজায় থাকে।
কর্মসূচিতে গনিপুর ইউনিয়ন ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক ভ্যান এবং অটো রিকশা চালক উপস্থিত ছিলেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন শ্রমিক নেতারা।