
সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুধহাটা ইউনিয়ন শাখার উদ্যোগে ‘সিঙ্গেল ডিজিট সংবর্ধনা’ ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক এক দিকনির্দেশনামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই আয়োজনে বুধহাটা ইউনিয়নের আটটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুয়াজ বিল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার্থীদের শুধুই ভালো ফলাফলের পেছনে ছুটলে চলবে না, বরং আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক এজিএস মাসুদ রানা। তিনি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সঠিক পরিকল্পনা, সময়ের ব্যবহার এবং অধ্যবসায়ের নানা কৌশল শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া, মেধার বিকাশ ঘটানো এবং ক্যারিয়ার সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই এই সংবর্ধনা ও গাইডলাইন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।