1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বিরামপুরে ১৮ লাখ টাকার সোনা ছিনতাই, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশ বক্সের অদূরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত হয়েছে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা। মোটরসাইকেলে থাকা দুই আরোহীর কাছ থেকে প্রায় ৮ ভরি ৪ আনা (৯৬.৫৬ গ্রাম) স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টা ১৫ মিনিটে বিরামপুর থানাধীন ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের শালবাগান মোড় (ঢিবি), ব্যাটারি কারখানা সংলগ্ন বিরামপুর-ফুলবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি উপজেলার ৭ নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের পুলিশ বক্স ও বিট কার্থেযালয় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে অবস্থিত।

ভুক্তভোগী মানিক দত্ত, ফুলবাড়ী পৌরশহরে মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী, জানান—তিনি ভাঙারি স্বর্ণ (আংটি, চেইন, বালা, নাকফুল ইত্যাদি) নিয়ে বিরামপুরে এসে গোল্ড হলমার্ক সেন্টারে তা পরিশোধন করে খাঁটি স্বর্ণের পাত তৈরি করেন। পরবর্তীতে ওই স্বর্ণ (৮ ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট) নিয়ে কর্মচারী সোহেল রানাকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে শালবাগান ঢিবি এলাকায় পৌঁছালে ২টি মোটরসাইকেলে থাকা ৫ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে সোহেল রানার কাছ থেকে মানিব্যাগ (নগদ টাকা সহ) এবং মানিক দত্তের কাছ থেকে স্বর্ণের পাত ছিনিয়ে নেয়। এ সময় সোহেল রানাকে এলোপাথাড়ি মারধর করা হলে তিনি গুরুতর আহত হন এবং পরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার দুটি পৃথক স্থান থেকে ৪ জনকে আটক করে।

এছাড়াও ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতা-কর্মীর নাম উঠে এসেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল রেহমান অরণ্য (২০), সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম আরিফ (২০), সভাপতি পদপ্রার্থী মোঃ সানি (১৯), পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রিফাত (২৫) এবং বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক (২৬)। এছাড়াও মোঃ সাগর রহমান (২৪) ও স্থানীয় ইউপি সদস্য মোঃ সোহেল রানা (৪২) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে অরণ্য ও আরিফ পূর্বপাড়া (গাড়োয়ানপাড়া), সাগর রহমান শিমুলতলী, আশিক কল্যাণপুর, সানি ইসলামপাড়া, রিফাত পূর্বপাড়া এবং সোহেল রানা রতনপুর (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরও অজ্ঞাতনামা ৩/৪ জন জড়িত রয়েছে বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে আশিক হাসান বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল।

এই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলার আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন ও সদস্য সচিব মোঃ সাইফুল আজম সোহেল বিরামপুর স্বেচ্ছাসেবক দল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আশিক এর প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ঘটনাস্থল ও আশপাশে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল, ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতি (দেশীয়) অস্ত্র, এবং একটি মানিব্যাগ উদ্ধার করেছে।এ ঘটনায় বিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ বক্সের অদূরে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে মহাসড়কে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, “ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। এঘটনায় বিরামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park