
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। এখনও নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক সেনা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দিদারুল আলম দিদার।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।
স্থানীয় সূত্র জানায়, বল্লী হাইস্কুল সংলগ্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন দিদারুল আলম দিদার। এছাড়া শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং অসচ্ছল পরিবারের সহযোগিতায়ও তিনি নিয়মিত ভূমিকা রাখছেন।
এলাকার অনেক বাসিন্দা মনে করছেন, একজন সাবেক সেনা সদস্য হিসেবে তার শৃঙ্খলাবোধ, সততা ও জনসেবার মানসিকতা বল্লী ইউনিয়নের নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
এ বিষয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “দিদারুল আলম দিদার দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। আমরা চাই, তিনি ভবিষ্যতেও জনগণের সেবায় আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পান।”
নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দিদারুল আলম দিদারের নাম এখন বল্লী ইউনিয়নের সর্বত্র আলোচনায় রয়েছে। জনসেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছেন।