
তাসলিমা রত্না, ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহের ফুলপুর থানায় ১৩ বছর বয়সী স্কুলছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে তাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি মো. রুবেল মিয়া (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
ঘটনার বিবরণে জানা যায়, গত (২৯ মার্চ) রাতে ভিকটিম নিজ বাড়ি থেকে বের হয়ে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়ে। পরে সে তার দাদীর কাছে স্বীকার করে যে, প্রতিবেশী রুবেল মিয়া তাকে ধর্ষণ করেছে এবং ঘটনা কাউকে না বলতে হুমকি দিয়েছে।
লোক লজ্জা ও ক্ষোভে ওই কিশোরী বিষপান করলে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৩০ মার্চ) তার মৃত্যু হয়।
এই ঘটনায় ভিকটিমের বাবা মামলা দায়ের করলে, র্যাব-১৪ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মার্চ রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে।