
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাঁচবিবি পৌর পার্কে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল তাকে মনোনয়ন দিলে তিনি মেয়র পদে নির্বাচন করবেন।
লিখিত বক্তব্যে তিনি তার রাজনৈতিক, পারিবারিক ও পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে আসছেন।
তিনি জানান, ১৯৮১ সালে পাঁচবিবি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তার জন্ম। তার পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ লাভের পর ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য হন এবং পরে জয়পুরহাটে আইন পেশা শুরু করেন।
তিনি আরও জানান, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জয়পুরহাট জেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে জেলা ইউনিটের সদস্য সচিবের দায়িত্ব দেয়।
এ ছাড়া দলীয় নেতাকর্মী ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ ও মামলা পরিচালনা এবং উপজেলা, জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের কথাও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাইদুল ইসলাম মনা, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট খাইরুল আহসান জুয়েল, এপিপি অ্যাডভোকেট শাহিনুর রেজা বানু, এপিপি অ্যাডভোকেট আব্দুস সালাম এবং জয়পুরহাট বিএনপি আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম রব্বানী মুকুল।